পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
মোঃ কামরুল হাসান প্রধান
পীরগঞ্জে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, নগ্ন ভিডিও ধারণ
রংপুরের পীরগঞ্জে এক গৃহবধূকে পথরোধ করে গাছবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা এবং নগ্ন ভিডিও ধারণ করে অর্থ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে ওই গৃহবধূ তাঁর স্বামী ও প্রতিবেশী আবদুল হালিম মিয়ার সঙ্গে কুমেদপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে তাঁর স্বামী কাঁচা মরিচ কেনার জন্য বাজারে ফিরে গেলে গৃহবধূ ও আবদুল হালিম বাড়ির দিকে রওনা দেন।
রাত সোয়া ৯টার দিকে তারেক মিয়ার বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন তাঁদের পথরোধ করে বিভিন্ন ধরনের কটূক্তি ও অপবাদ দিয়ে আবদুল হালিমের কাছে টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর ও ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে যান।
অভিযোগে আরও বলা হয়, এরপর গৃহবধূকে একটি গাছবাগানে নিয়ে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করা হয়। তিনি চিৎকার করলে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর পরনের কাপড় খুলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর স্বামীর কাছে ৪০ হাজার টাকা দাবি করা হয়।
পরদিন ৮ আগস্ট ভোরে থানায় অভিযোগ না করার শর্তে গৃহবধূকে তাঁর স্বামীর কাছে তুলে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত পাঁচজন হলেন—তারেক মিয়া (২২), নাঈম মিয়া (২০), বাবু মিয়া (২৩), মিরাজুল মিয়া (২৪) ও হিমেল মিয়া (২১)।
তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে বাধা দিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি নজমূল হক বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
