মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
বিপুল চন্দ্র বর্মন
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মিঠাপুকুরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন এবং চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন করা, শহীদ ওসমান বিন হাদীর হত্যাকারীদের বিচারের দাবি, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার এবং পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা শাখার সেক্রেটারি ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ বেলাল।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার আমীর আসাদুজ্জামান (শিমুল)। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি ও ১৬ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন মিঠাপুকুর উপজেলা জামায়াতের সাবেক আমীর ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মাস্টার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি গণমিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
