প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারম্যান সুজাত মোল্লার বিশেষ সাক্ষাৎকার


 প্রত্যন্ত মানুষের কথা তুলে ধরাই DNB প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য: চেয়ারম্যান সুজাত মোল্লা


১১ অক্টোবর দৈনিক নিউজ-বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুজাত মোল্লার বিশেষ সাক্ষাৎকার


বাংলাদেশের গণমাধ্যমে প্রতিদিন অসংখ্য সংবাদ প্রকাশিত হয়। কিন্তু দেশের প্রত্যন্ত জনপদে বসবাস করা সাধারণ মানুষ, সুবিধাবঞ্চিত ও বিভিন্নভাবে ভুক্তভোগী মানুষের অনেক কথাই অনেক সময় গণমাধ্যমের আলোচনার বাইরে থেকে যায়। সেই নীরব মানুষের কথা শোনা, তাদের বাস্তবতা তুলে ধরা এবং তাদের সমস্যাগুলো দেশের মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যেই যাত্রা শুরু করে দৈনিক নিউজ-বাংলাদেশ (DNB)।


প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ ও সত্যনির্ভর সাংবাদিকতার পাশাপাশি জেলা-উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা তুলে ধরাকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছে DNB। একই সঙ্গে তরুণদের সাংবাদিকতায় যুক্ত করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠানটি।


১১ অক্টোবর দৈনিক নিউজ-বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী। এই বিশেষ দিনকে সামনে রেখে DNB প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য, দুই বছরের পথচলা, প্রান্তিক মানুষের কথা তুলে ধরার ভাবনা, সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, তরুণ সাংবাদিকদের নিয়ে পরিকল্পনা এবং আগামী দিনের লক্ষ্য নিয়ে কথা বলেছেন দৈনিক নিউজ-বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুজাত মোল্লা।


প্রশ্ন: দৈনিক নিউজ-বাংলাদেশ প্রতিষ্ঠার মূল চিন্তা বা উদ্দেশ্য কী ছিল?


সুজাত মোল্লা: দৈনিক নিউজ-বাংলাদেশ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা তুলে ধরা। বড় বড় গণমাধ্যমগুলো অনেক সময় প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কথা যথাযথভাবে তুলে ধরতে পারে না। তাদের কথা জানতে, শুনতে এবং দেশের মানুষের কাছে তুলে ধরতে আমরা চাই। প্রত্যন্ত অঞ্চলের মানুষের যে কথাগুলো অনেক সময় গণমাধ্যমের আলোচনায় আসে না, সেগুলোই আমরা শুনতে চাই এবং শোনাতে চাই। এই চিন্তা থেকেই দৈনিক নিউজ-বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি।


প্রশ্ন: ১১ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ?


সুজাত মোল্লা: ১১ অক্টোবর আমার কাছে অত্যন্ত আনন্দের একটি দিন। কারণ এই দিনেই দৈনিক নিউজ-বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম। গত দুই বছরে অসংখ্য সাংবাদিককে প্রশিক্ষণ দিতে পেরেছি এবং অনেক দক্ষ সাংবাদিক তৈরি করার চেষ্টা করেছি। একই সঙ্গে তরুণদের জন্য একটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পেরেছি। এসব বিষয় আমাকে অত্যন্ত আনন্দিত করে। ১১ অক্টোবরের এই দিনটি আমাকে এবং আমার চ্যানেলের প্রতিটি সাংবাদিককে নতুনভাবে অনুপ্রাণিত করে।


প্রশ্ন: প্রতিষ্ঠার পর থেকে দৈনিক নিউজ-বাংলাদেশের অগ্রযাত্রাকে কীভাবে দেখছেন?


সুজাত মোল্লা: প্রতিষ্ঠার পর থেকে দৈনিক নিউজ-বাংলাদেশ বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে গণমানুষের কাছে এগিয়ে যাচ্ছে। যখন শুরু করেছিলাম, তখন আমাদের এত জনবল ছিল না। বর্তমানে আমাদের অনেক সাংবাদিক ও প্রতিনিধি রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও দৈনিক নিউজ-বাংলাদেশের অনেক পাঠক ও দর্শক তৈরি হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে দৈনিক নিউজ-বাংলাদেশ অনেকটাই এগিয়ে গেছে।


প্রশ্ন: প্রান্তিক ও সাধারণ মানুষের কথা তুলে ধরার বিষয়ে DNB এত গুরুত্ব দেয় কেন?


সুজাত মোল্লা: আমি নিজেও একজন প্রান্তিক সাধারণ পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই দেখেছি, আমাদের এলাকায় অনেক সাধারণ মানুষ বিভিন্নভাবে ভুক্তভোগী হয়েছেন। অনেক সময় বড় নেতা বা বড় ব্যবসায়ীদের চাপ ও হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ। কিন্তু তাদের কথা শোনার মতো বা তুলে ধরার মতো গণমাধ্যমের সুযোগ সবসময় ছিল না। সেই জায়গা থেকেই নিজেকে এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ মানুষের কথা তুলে ধরাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।


প্রশ্ন: একটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই ও সত্যতা নিশ্চিত করতে DNB কী ধরনের ব্যবস্থা নেয়?


সুজাত মোল্লা: একটি সংবাদ প্রকাশের আগে আমরা তথ্য যাচাই করার চেষ্টা করি। প্রয়োজন হলে সংশ্লিষ্ট এলাকার অন্যান্য প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়। একই বিষয়ে স্থানীয় পত্রিকা ও অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যও যাচাই করা হয়। এরপর তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর সংবাদ প্রকাশের চেষ্টা করি।


প্রশ্ন: বর্তমান সময়ে দৈনিক নিউজ-বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?


সুজাত মোল্লা: এই চ্যালেঞ্জ শুধু দৈনিক নিউজ-বাংলাদেশের নয়, সত্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যমগুলোর জন্যই এটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে বিভিন্ন ভুয়া নিউজ পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে AI-এর মাধ্যমে তৈরি ভুয়া ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় বিভিন্ন গণমাধ্যমের নাম ব্যবহার করেও এসব তথ্য ছড়ানো হয়। ফলে সত্য তথ্য খুঁজে বের করা এবং পাঠকের কাছে সঠিক সংবাদ পৌঁছে দেওয়া এখন বড় দায়িত্ব।


প্রশ্ন: DNB-এর সকল সাংবাদিক ও প্রতিনিধির জন্য আপনার প্রত্যাশা কী?


সুজাত মোল্লা: আমার প্রত্যাশা, আমাদের প্রতিটি সাংবাদিক দক্ষতা ও সততার সঙ্গে কাজ করবেন। আমি ভবিষ্যতে আমাদের সাংবাদিকদের নিয়মিত সম্মানী দেওয়ার ব্যবস্থা করতে চাই, যাতে তারা আরও অনুপ্রাণিত হন। তাদের দক্ষ করে গড়ে তুলে সিনিয়র সাংবাদিক হিসেবে তৈরি করতে চাই। তাদের মাধ্যমে দৈনিক নিউজ-বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই।


প্রশ্ন: আগামী দিনে দৈনিক নিউজ-বাংলাদেশকে কোথায় দেখতে চান?


সুজাত মোল্লা: আমার প্রত্যাশা, দৈনিক নিউজ-বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং দেশের আরও বেশি মানুষ আমাদের চিনবে। তবে শুধু পরিচিতি অর্জন করাই আমার লক্ষ্য নয়। আমি চাই দৈনিক নিউজ-বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলে যাবে, সাধারণ মানুষের কাছে যাবে এবং তাদের কথা তুলে ধরবে।


ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা এবং মানুষের ভালোবাসা থাকলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারব। সফলতার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। একজন মানুষ বা একটি প্রতিষ্ঠান যতদিন এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ততদিনই সামনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে।


প্রশ্ন: জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে কী পরিকল্পনা রয়েছে?


সুজাত মোল্লা: জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে বিভাগীয় পর্যায়ে প্রধান নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পরিচালনা ও সমন্বয় করা হবে। একই সঙ্গে তাদের আরও দক্ষ ও শক্তিশালী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের সংবাদ আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছানো যায়।


প্রশ্ন: তরুণ সাংবাদিকদের জন্য DNB কী ধরনের সুযোগ তৈরি করছে?


সুজাত মোল্লা: তরুণ সাংবাদিকদের জন্য দৈনিক নিউজ-বাংলাদেশ শুরু থেকেই সুযোগ তৈরি করে আসছে। প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের অভিজ্ঞতা শেয়ার করা হয়, বিভিন্ন প্রশ্ন শোনা হয় এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হয়।


দৈনিক নিউজ-বাংলাদেশ শুরু থেকেই যেসব সাংবাদিক নিয়োগ দিয়েছে, তাদের অধিকাংশই তরুণ ছিলেন। দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে তাদের সাংবাদিকতায় অভিজ্ঞ করে তোলার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আরও তরুণকে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তুলতে চাই।


প্রশ্ন: সকল দর্শক ও পাঠকের উদ্দেশ্যে আপনার বার্তা কী?


সুজাত মোল্লা: সকল দর্শক ও পাঠকের উদ্দেশ্যে আমার একটাই কথা—আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আমাদের পাশে থাকুন। আমরা আগামী দিনে এমন একটি আদর্শিক সাংবাদিকতার নীতি গড়ে তুলতে চাই, যেখানে সাংবাদিকরা শুধু নেতাদের পেছনে ছুটবেন না; বরং সাধারণ মানুষের কথা তুলে ধরার জন্য মানুষের কাছে ছুটে যাবেন।


আমাদের সাংবাদিকরা সবসময় সত্য ও নীতির পক্ষে থাকবেন এবং সাধারণ মানুষের কথা তুলে ধরবেন। আমরা চাই, দৈনিক নিউজ-বাংলাদেশ মানুষের আস্থার একটি গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হোক।


প্রশ্ন: প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে DNB-এর সাংবাদিক, সহকর্মী ও সদস্যদের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে?


সুজাত মোল্লা: এই বিশেষ দিনে আমার সকল সাংবাদিক, সহকর্মী ও DNB পরিবারের সদস্যদের উদ্দেশ্যে আমার একটাই কথা—আপনারা বিগত দিনগুলোতে যেভাবে প্রত্যন্ত অঞ্চলের সংবাদ সংগ্রহ করেছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর পর থেকে আরও বেশি মানুষের কাছে যাবেন।


মানুষের দরজায় দরজায় যাবেন, তাদের কথা শুনবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করবেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতার কথা আরও বেশি করে তুলে ধরবেন। মনে রাখতে হবে, আমাদের সাংবাদিকতার মূল শক্তি হলো সাধারণ মানুষ।


দৈনিক নিউজ-বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার—সত্যের পথে, মানুষের পাশে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন