পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিমোঃ কামরুল হাসান প্রধান
পীরগঞ্জে অর্থের অভাবে অনিশ্চিত যুবদল নেতা সালামের চিকিৎসা, প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন পীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব আবদুস সালামের চিকিৎসা অর্থাভাবে থমকে যাওয়ার উপক্রম হয়েছে। চিকিৎসার পেছনে এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হলেও এখন প্রয়োজনীয় অর্থের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর সুস্থ হয়ে ওঠার লড়াই।
গত ১ জানুয়ারি ২০২৫ দলীয় কর্মসূচি শেষে সাংগঠনিক কাজে রংপুর যাওয়ার পথে পীরগঞ্জের শঠিবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আবদুস সালাম। এরপর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ও কয়েক দফা অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ ঢাকার একটি হাসপাতালে তাঁর পায়ের চার ইঞ্চি অংশ অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছে।
আবদুস সালামের বাবা আব্দুস সামাদ জানান, ছেলের চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারের জমি, তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও গরু পর্যন্ত বিক্রি করতে হয়েছে। নিজেদের সামর্থ্যের সবটুকু শেষ করেও চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হয়নি। এখন আরও চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হলেও পরিবারের পক্ষে তা জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় আবদুস সালামের চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। পরিবারের পক্ষ থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের কাছে মানবিক সহযোগিতা কামনা করা হয়েছে।
পরিবারের প্রত্যাশা, দলীয় কর্মী হিসেবে দীর্ঘদিনের ভূমিকা বিবেচনা করে আবদুস সালামের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন দলের নেতারা। সহযোগিতা পেলে তাঁর চিকিৎসা আবারও স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছে পরিবার।
