নবাবগঞ্জে ১০৮০ কৃষকসহ অসহায়দের মাঝে সহায়তা বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী


মোঃ রাহেল সরকার

নবাবগঞ্জ ,দিনাজপুর

নবাবগঞ্জে ১০৮০ কৃষকসহ অসহায়দের মাঝে সহায়তা বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের নবাবগঞ্জে কৃষক, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থী, দুস্থ-অসহায়, অসুস্থ ও গৃহহীন ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং কৃষি উপকরণ বিতরণ করেছেন সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। একই অনুষ্ঠানে দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক এবং ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।


শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।


অনুষ্ঠানে SACP-RAINS প্রকল্পের আওতায় ১ হাজার ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ, সার ও নেটসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের সবজি চাষে সহায়তা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।


এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থী এবং দুস্থ, অসহায়, অসুস্থ ও গৃহহীন ব্যক্তিদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। একই সঙ্গে ক্যান্সার, কিডনি রোগ, প্যারালাইসিস, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।


অন্যদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া ক্রীড়া সামগ্রী উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াচর্চার সুযোগ বাড়ানোর লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস।


এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, অসহায় মানুষের আর্থিক সহায়তা, দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা এবং শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ সম্প্রসারণে সরকারি সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন