আনারুল ইসলাম,
নেত্রকোণা জেলা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল কাশেম দুর্গাপুর পৌরসভার বালিকান্দি গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরীটি বাড়ির দক্ষিণ পাশে রাতের খাবারের উচ্ছিষ্ট পানি ফেলতে যায়। এ সময় আবুল কাশেম তাকে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর কিশোরী অসুস্থ হয়ে পড়ে এবং স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছিল না। পরদিন সে প্রতিবেশী এক নারীকে বিষয়টি জানালে ঘটনাটি জানাজানি হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আবুল কাশেমকে গ্রেপ্তার করে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
