আনারুল ইসলাম
জেলা প্রতিনিধি নেত্রকোণা
দূর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলিকরে হত্যা।
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে গত ১০ অক্টোবরও হামলার শিকার হয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সীমান্তে মাদক চোরাচালান নিয়ে লেখালেখি করতেন এই সাংবাদিক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা এলাকায়। তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আলিফ উতরাইল বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে পর পর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
