রাজশাহীর শাহমখদুমে র্যাবের অভিযানে বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার
ব্যুরো প্রধানঃ রাজশাহীঅপু দাস
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার দক্ষিণ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-৫। সোমবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হলেও ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব সূত্রে জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে প্রতিষ্ঠার পর থেকেই র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী কার্যক্রম, সংঘবদ্ধ অপরাধ, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সংস্থাটি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় ১৬ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত প্রায় ১২টা ৩৫ মিনিটে র্যাব-৫ এর একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন দক্ষিণ নওদাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি স্থানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি তৈরি রিভলভার (মেড ইন ইউএসএ) এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। অভিযান চলাকালে সেখানে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এসব অস্ত্র কারা সেখানে রেখে গেছে এবং এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।
অভিযানের সময় স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই: