খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত


 ব্যুরো প্রধানঃখুলনা 

এস এম শাহরিয়ার

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাশিকুল আনাম রাশু (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা আনুমানিক ১২টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।


নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি রাশু কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফ রাশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বেলা আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।


এদিকে খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন জানান, রাশুর বড় ভাই আশু আনাম মহানগর যুবদলের কমিটির সদস্য। তার বাবা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাশু ছাত্রদল করতেন এবং যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে যুবদলের কোনো পদে ছিলেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন