রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল


 


ব্যুরো প্রধানঃরাজশাহী

অপু দাস

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নগরীর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাম্প্রতিক অর্জন, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। সংগঠনকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে নানা প্রস্তাব উঠে আসে এবং সদস্যদের মতামতের ভিত্তিতে দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব একটি ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে এগিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, সাংবাদিকতার মূল লক্ষ্য হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে তুলে ধরা। তবে এ পথচলায় নানা প্রতিবন্ধকতা, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা ও ঐক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, কোনো অপশক্তি বা স্বার্থান্বেষী মহল যেন সংগঠনের ঐক্য বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সংগঠনের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক শামসুল ইসলাম তার বক্তব্যে বলেন, একটি সংগঠন যখন ধারাবাহিকভাবে এগিয়ে যায়, তখন কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। তিনি জানান, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এবং অভ্যন্তরীণ ঐক্য অটুট রাখতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। কোনো ধরনের গুজব বা অপপ্রচার বরদাশত করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা মিথ্যা তথ্য প্রচার করছে, তাদের শনাক্ত করার কাজ চলছে এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি সদস্যদের উদ্দেশে অনুরোধ জানান, যেকোনো বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে নিশ্চিত না হয়ে তা বিশ্বাস না করে সরাসরি সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করার জন্য।

আলোচনা সভার পর ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং প্রয়াত সাংবাদিকদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ মামুনুর রশীদ।

পরবর্তীতে আমন্ত্রিত অতিথি ও সদস্যরা একসঙ্গে ইফতারে অংশ নেন। সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত সবাই পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই: