খুবিতে প্রথমবার কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিতে দক্ষতা উন্নয়ন পরীক্ষা চালু


 বিভাগীয় ব্যুরো প্রধানঃখুলনা

এস এম শাহরিয়ার

খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়ায় প্রথমবারের মতো যুক্ত হলো দক্ষতা মূল্যায়ন পরীক্ষা। শুধু জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, এখন থেকে মেধা, পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতার ওপর গুরুত্ব দিয়ে পদোন্নতি বা আপগ্রেডেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসসি)-এর উদ্যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে লিখিত, পদসংশ্লিষ্ট ব্যবহারিক এবং কম্পিউটার টাইপিংসহ তিনটি ধাপে প্রার্থীদের দক্ষতা যাচাই করা হয়। পরীক্ষায় উত্তীর্ণদের বোর্ডের সুপারিশের ভিত্তিতে পদোন্নতি বা আপগ্রেডেশন প্রদান করা হবে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রধানত জ্যেষ্ঠতার ভিত্তিতে হয়ে আসছে। সেই প্রেক্ষাপটে খুলনা বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে প্রশাসনিক ব্যবস্থাপনায় একটি ব্যতিক্রমী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


সংশ্লিষ্টদের মতে, এ ধরনের মূল্যায়ন পদ্ধতি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করবে এবং নিজেদের পেশাগত দক্ষতা বাড়াতে আরও উৎসাহিত করবে। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং সেবার মানও উন্নত হবে।


পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মোঃ হারুনর রশীদ খান এবং আইকিউএসসির পরিচালক ড. মোঃ মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।


পরিদর্শন শেষে উপাচার্য বলেন, “এটি একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। আমরা চাই কর্মকর্তা-কর্মচারীরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন। এই পরীক্ষার মাধ্যমে যোগ্য ও মেধাবীরা যথাযথ স্বীকৃতি পাবেন।”


সংশ্লিষ্ট মহল মনে করছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামোতে এ ধরনের মূল্যায়ন পদ্ধতি ইতিবাচক পরিবর্তনের পথ খুলে দেবে এবং অন্য বিশ্ববিদ্যালয়ের জন্যও এটি একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন