পীরগঞ্জ ( রংপুর ) প্রতিনিধি
মোঃকামরুল হাসান প্রধান
অতিথিপরায়ণ উত্তরবঙ্গে দেশভ্রমণকারী পর্যটকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
উত্তরাঞ্চলের মানুষ বরাবরই সহজ সরল, আন্তরিক ও অতিথিপরায়ণ হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটক ও দর্শনার্থীরা এখানকার মানুষের সৌহার্দ্যপূর্ণ আচরণে মুগ্ধ হন। কিন্তু সম্প্রতি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ এলাকার একটি জাতীয় পর্যায়ের কমলা (অরেঞ্জ ভ্যালি ) বাগানে বাই সাইকেল এ দেশ ভ্রমণে বের হওয়া মোবাশ্বের আলী নামেরএক পর্যটকের সঙ্গে নিরাপত্তা প্রহরীর অসৌজন্যমূলক আচরণ ও অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
যেহেতু বাগানটি জাতীয় পর্যায়ের একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত, তাই যে কোনো দর্শনার্থী পায়ে হেঁটে, সাইকেলে কিংবা অন্য যেকোনো বৈধ উপায়ে সেখানে যেতে পারেন। দর্শনার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মীদের দায়িত্ব। কোনো অবস্থাতেই খারাপ ব্যবহার, অপমানজনক কথা বা অশালীন ভাষা ব্যবহার গ্রহণযোগ্য হতে পারে না।
কিছু ব্যক্তির ব্যক্তিগত আচরণ বা অসদাচরণের কারণে একটি এলাকার দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হোক, তা কেউ চায় না। একজন কর্মচারীর অসৌজন্যমূলক আচরণ যেন উত্তরবঙ্গের মানুষের আতিথেয়তা ও ভদ্রতার পরিচয়কে প্রশ্নবিদ্ধ না করে, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।
আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসন ও বাগান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো পর্যটক বা দর্শনার্থী এমন অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।
