খুলনায় ১৮০ দিনে ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা


 

বিভাগীয় ব্যুরো প্রধানঃ খুলনা

এস এম শাহরিয়ার 

খুলনায় ১৮০ দিনে ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা

খুলনা মহানগরীতে সবুজায়ন বাড়াতে আগামী ১৮০ দিনের মধ্যে ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে খুলনা সিটি ককর্পোরেশন। এ লক্ষ্য বাস্তবায়নে ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মঞ্জু

স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে পরিচালিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে কেসিসির রাজস্ব বিভাগ এ সভার আয়োজন করে।

সভায় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরজুড়ে পরিকল্পিত সবুজায়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মশার বিস্তার রোধে কোথাও পানি জমে না থাকে সে বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান।

আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, বৃক্ষরোপণের আগে কোন এলাকায় কী ধরনের গাছ উপযোগী হবে সে বিষয়ে বন বিভাগের পরামর্শ নেওয়া জরুরি। এছাড়া নগরবাসীকে সম্পৃক্ত করতে প্রচার-প্রচারণা জোরদার, নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে বৃক্ষরোপণে উদ্বুদ্ধমূলক বার্তা প্রদর্শন এবং আসন্ন বৃক্ষমেলা আয়োজনকে আরও আকর্ষণীয় করার প্রস্তাব উঠে আসে।

সভায় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল, সরকারি-বেসরকারি অফিস ও খালি জায়গাগুলোতে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। যেসব প্রতিষ্ঠানের খোলা জায়গা নেই, তাদের চারা বিতরণের মাধ্যমেও কর্মসূচির সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথা জানানো হয়।

সভায় কেসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ব্যাংক, এনজিও ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন