মিঠাপুকুর,প্রতিনিধি
বিপুল চন্দ্র বর্মন
দুপুরে ভাত খাওয়ার নামে ১০ হাজার টাকা ঘুষ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিপাহি,ভিডিও ভাইরাল
মাদক মামলার আসামি করা থেকে রেহাই দিতে এবং জব্দকৃত মাদকের পরিমাণ কম দেখাতে ‘দুপুরের ভাত খাওয়ার’ কথা বলে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সিপাহি আল-আমিনের বিরুদ্ধে। ঘুষ গ্রহণের একটি ভিডিও এবং অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন দুপুরে রংপুর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর অভিরামনুরপুর গুচ্ছগ্রামে অভিযান চালায়। চোলাইমদ ব্যবসায়ী ও ভ্যানচালক আবজাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর খাটের নিচ থেকে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াস) জব্দ করা হয়। পরে আবজাল হোসেনকে আটক করে মিঠাপুকুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ) সার্কেল অফিসে নিয়ে আসা হয়।
আটক আবজাল হোসেনের স্বজনরা মিঠাপুকুর অফিসে এলে অভিযানিক দলের সদস্য সিপাহি আল-আমিন তাঁদের ভয়ভীতি দেখাতে শুরু করেন। আবজালের ছেলেদেরও এই মামলায় আসামি করা হবে, এমন হুমকি দিয়ে তিনি ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। শেষ পর্যন্ত মামলা থেকে বাঁচতে এবং জব্দ তালিকায় মাদকের পরিমাণ কম দেখানোর শর্তে সিপাহি আল-আমিনের প্রস্তাবে রাজি হন আবজালের ছেলে আসাদুল এবং সঙ্গে থাকা স্বজনরা।
