জ্বালানি বরাদ্দ নেই, অন্ধকারে হাসপাতাল!

 


জেলা প্রতিনিধিঃভোলা

মীর শাহীন

জ্বালানি বরাদ্দ নেই, অন্ধকারে হাসপাতাল! 

 জ্বালানি বরাদ্দ না থাকায় জেনারেটর বন্ধ হয়ে পড়েছে ভোলা জেলার লালমোহন উপজেলার একমাত্র সরকারি হাসপাতালে। ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলেই অন্ধকারে ডুবে যাচ্ছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি বরাদ্দ না থাকায় বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা কার্যত অচল হয়ে আছে। সম্প্রতি কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাটের সময় হাসপাতালের জরুরি বিভাগ, শিশু ওয়ার্ড এবং প্রসূতি বিভাগে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

রোগীর স্বজনরা অভিযোগ করেন, বিদ্যুৎ চলে গেলে ফ্যান ও লাইট বন্ধ হয়ে যায়। গরমে রোগীদের কষ্ট বাড়ছে। বিশেষ করে রাতে শিশু ও বৃদ্ধ রোগীদের নিয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।

হাসপাতালের এক কর্মকর্তা আবু মোহাম্মদ তালহা  জানান, জ্বালানি বরাদ্দের সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। তবে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দ্রুত জ্বালানি বরাদ্দ পেলে জেনারেটর পুনরায় চালু করা সম্ভব হবে। একই সঙ্গে চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কোন মন্তব্য নেই: