নেশার টাকার জন্য জন্মদাত্রী মাকে হত্যা: রাজশাহীর খড়খড়িতে চাঞ্চল্যকর ঘটনা


ব্যুরো প্রধান,রাজশাহী

অপু দাস, 

রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের জেরে এক যুবক নিজের জন্মদাত্রী মাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের আবহ সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড় সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটে।

নিহত নারী সোহাগী খাতুন। তিনি ওই এলাকার বাসিন্দা আজিজুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত যুবকের নাম সুমন, যিনি নিহত সোহাগী খাতুনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শনিবার রাতে নেশার জন্য টাকা সংগ্রহ করতে তিনি মায়ের কাছে অর্থ দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুমন মায়ের ওপর হামলা চালান। এতে সোহাগী খাতুন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত সুমন মায়ের মরদেহ রাস্তায় ফেলে রেখে নিজ বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন। কিছু সময়ের মধ্যেই বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে তারা সুমনকে ঘর থেকে আটক করে থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়।

নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মাদকের ভয়াবহ সামাজিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই: