সার্কিট হাউজ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক
ব্যুরো প্রধানঃখুলনা
এস এম শাহরিয়ার
আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে খুলনা নগরীর প্রধান ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি সার্কিট হাউজ মাঠে গিয়ে সার্বিক প্রস্তুতির অগ্রগতি ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, খুলনা সার্কিট হাউজ মাঠ নগরীর একটি ঐতিহ্যবাহী স্থান, যেখানে প্রতি বছর বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এবারও যাতে মুসল্লিরা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই মাঠ প্রস্তুতের কাজ সম্পন্ন হবে এবং নিরাপদ পরিবেশে নগরবাসী ঈদের জামাতে অংশ নিতে পারবেন।
পরিদর্শনকালে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি রেজাউল হক, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সার্কিট হাউজ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়া সকাল ৯টা ও ১০টায় খুলনা টাউন জামে মসজিদে দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে টাউন জামে মসজিদেই সকাল ৮টা, ৯টা ও ১০টায় পর্যায়ক্রমে তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদ এবং বয়রা মডেল মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কোন মন্তব্য নেই: