খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার কারণ অজানা
বিভাগীয় ব্যুরো প্রধানঃখুলনা
এস এম শাহরিয়ার
খুলনা সদর থানাধীন নিরালা আবাসিক এলাকায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির (এনডাব্লিউই) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম উৎস রায় (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে তার আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নিরালার ৭ নম্বর রোডের এফ-৮৫ নম্বর একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উৎস রায় খুলনার দাকোপ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা কনক কান্তি রায়ের ছেলে। তার বাবা পেশায় শিক্ষক। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের মামা কৌসিক রায় জানান, উৎসের বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭২ হাজার টাকা টিউশন ফি বকেয়া ছিল। সম্প্রতি তিনি এক মাসের মধ্যে ফি পরিশোধের সুযোগ চেয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করেছিলেন। ওই আবেদনটি সোমবার তার বিভাগের প্রধান গ্রহণ করেন। তবে আবেদনের কাগজে আড়াআড়ি একটি দাগ দেখা গেছে, যা নিয়ে পরিবারে প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি আরও জানান, উৎস বাড়িতে ৩৫ হাজার টাকা বকেয়া থাকার কথা বলেছিলেন এবং আপাতত ১০ হাজার টাকা দিলেই পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছিলেন। তার বাবা পরদিন সকালে টাকা পাঠানোর কথা বললেও তার আগেই এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক ধারণা, গত কয়েকদিন ধরে হতাশায় ভুগছিলেন উৎস রায়। সেখান থেকেই তিনি গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই: