ফুলতলায় ডিশকর্মী হত্যা: তিন দিনেও গ্রেফতার নেই, অস্ত্র উদ্ধার হয়নি
বিভাগীয় ব্যুরো প্রধানঃখুলনাএস এম শাহরিয়ার
ফুলতলায় ডিশকর্মী সাব্বির হোসেন (১৮) হত্যাকাণ্ডের তিন দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার হয়নি।
নিহতের বাবা মোস্তফা সরদার বাদী হয়ে ফুলতলা থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এদিকে হামলায় গুরুতর আহত সাব্বিরের দুই বন্ধু স্বাধীন ও নিরব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থার তেমন উন্নতি হয়নি বলে জানা গেছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, কয়েকদিন আগে সাব্বিরদের বাড়ির পাশের একটি স্থানে কিছু যুবক মাদক সেবন করতে এলে তিনি তাতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ পরিবারের।
গত বৃহস্পতিবার সন্ধ্যার পর সাব্বির তার বন্ধু স্বাধীনকে সঙ্গে নিয়ে দামোদর জমাদ্দারপাড়া এলাকায় গেলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মারাত্মকভাবে জখম হন। তাকে রক্ষা করতে গেলে স্বাধীন ও নিরবও হামলার শিকার হন।
স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সাব্বিরের মৃত্যু হয়।
পরদিন ময়নাতদন্ত শেষে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই: