রসিক প্রশাসকের সংবাদ সম্মেলনসোমবার থেকে ৭৮ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা।
নিজস্ব প্রতিবেদক
দেশে হাম-রুবেলার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
এরই ধারাবাহিকতা রংপুর সিটি করপোরেশনে (রসিক) হামের টিকাদান ক্যাম্পেইন আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় সিটি করপোরেশনের ৩৩ ওয়ার্ডের প্রায় ৭৮ হাজার ৬২৮ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রংপুর সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিটি প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত হাম-রুবেলা ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫৯ মাস তথা পাঁচ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ করে টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৪ দিনের এ ক্যাম্পেইনে ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি গ্রুপে দায়িত্ব পালন করবেন।
ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং ইসলামিক ফাউণ্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়, রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, ওয়াল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) ডিভিশনাল কনসালটেন্ট ডা. জুবায়ের আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা ও বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দ। ।

কোন মন্তব্য নেই: