দিনাজপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, স্বামী স্ত্রীর মৃত্যুদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের পর ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতরা হলেন- আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন রায় (৫০) ও তার স্ত্রী লতা রানী (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে তপন রায়ের বাড়িতে আগুন জ্বলতে দেখেন এলাকাবাসী। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘর তল্লাশি করার সময় মেঝের ওপর স্বামী-স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে বা পুড়ে তাদের মৃত্যু হতে পারে।

কোন মন্তব্য নেই: