খুলনায় ভোরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, একজন আটক


 

বিভাগীয় ব্যুরো প্রধানঃখুলনা

এস এম শাহরিয়ার

খুলনা নগরীতে ভোর রাতে সন্ত্রাসী হামলায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) ভোর প্রায় ৫টার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রিনল্যান্ড আবাসিক এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুমন নামে একজনকে আটক করেছে পুলিশ।


আহতরা হলেন ঝুমুর আক্তার (২৬), হাসিব শেখ (২০) ও আসলাম গাজী (৩৫)। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, ভোরে ৫-৬ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ওই এলাকায় একটি বসতঘরে ঢুকে পড়ে। প্রথমে তারা বাসিন্দাদের মারধর করে, পরে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


এ সময় এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুমন নামে এক ব্যক্তিকে আটক করে।


স্থানীয়দের অভিযোগ, হামলার সঙ্গে ফারুখ শিকদার ও জিম সাদী নামের আরও দু’জন জড়িত রয়েছে। তারা একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করা হয়। এসব ঘটনায় একাধিকবার পুলিশকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।


খুলনা থানার উপপরিদর্শক (এসআই) সাত্তার জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই: