খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা: হাম-রুবেলা টিকাদান ও মশাবাহিত রোগ প্রতিরোধে জোর

বিভাগীয় ব্যুরো প্রধানঃখুলনা

এস এম শাহরিয়ার 

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এপ্রিল মাসের সভা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।


সভায় সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন জানান, দেশে বর্তমানে হাম-রুবেলা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ প্রেক্ষাপটে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এক ডোজ টিকা দেওয়ার কর্মসূচি শুরু হচ্ছে। খুলনা বিভাগের জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় এই ক্যাম্পেইন একযোগে পরিচালিত হবে। পাশাপাশি ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নিজ নিজ দপ্তরের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদারের আহ্বান জানান তিনি।


ওজোপাডিকো লিমিটেডের প্রতিনিধিরা সভায় জানান, জেলায় বিদ্যুতের চাহিদা অনুযায়ী সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সন্ধ্যাকালীন সাশ্রয়ী ব্যবস্থার কারণে বিদ্যুৎ ব্যবহারে ইতিবাচক প্রভাব পড়েছে। তারা সকল সরকারি দপ্তরকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধেরও অনুরোধ জানান।


জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান জানান, মৎস্য সম্পদ রক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিকর জালের ব্যবহার নিষিদ্ধ রয়েছে। এ বিষয়ে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ইতোমধ্যে ছয় ধাপ সম্পন্ন হয়েছে। গত ৪৫ দিনে ২৫৭টি অভিযান ও ৫১টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে এবং জরিমানাও আদায় করা হয়েছে।


সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: