রংপুরে শাপলা সিনেমা হলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান, ৩৭ জন আটক
উপজেলা প্রতিনিধিঃরংপুর সদর
সাহারিয়ার হাসান সাজিদ
রংপুর মহানগরীর একটি সিনেমা হল শাপলা সিনেমা হল-এ অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৩৫ জন তরুণ-তরুণীসহ মোট ৩৭ জনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ।
রবিবার (গতকাল, ১৯ এপ্রিল) বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সিনেমা হলের ভেতরে আপত্তিকর ও অনৈতিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ উঠে। এ সময় ঘটনাস্থল থেকে ৩৫ জন তরুণ-তরুণীকে আটক করা হয়। পাশাপাশি হলের সঙ্গে সংশ্লিষ্ট ২ জন কর্মচারীকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই সিনেমা হলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত চালিয়ে প্রাথমিক সত্যতা পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই জনসমাগমস্থলে এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। সচেতন মহল মনে করছে, বিনোদন কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই: